পোরশায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জশৈল গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মৃত তৈমুর আলীর ছেলে দুরুল হোদা (৫৫) ও তার দেয়া তথ্য মতে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোমস্তাপুর উপজেলার সাগরইল গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত দলের সক্রিয় অপর দুই সদস্য আইনুল আলীর ছেলে আনেসুর রহমান (৩৪) ও আশরাফ আলীর ছেলে টুটুলকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ৪ হাজার ৫০০ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দা, ১ টি হাতুড়ি জব্দ করা হয়।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ১৭ জানুয়ারি রাত পৌনে ৮টায় পোরশা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় হইতে ধুলাডাঙ্গাগামী রাস্তায় একটি ডাকাতির ঘটনা ঘটে।
এর ফলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর বিশেষ দিক-নির্দেশনায় তার নেতৃত্বে পোরশা থানা পুলিশের একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান। আর জেলা পুলিশ সুপার এ উপজেলার যে কোন রাস্তায় সংগঠিত অপরাধ দমনে পোরশাসহ সকল থানাকে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।











