ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:২৬ পূর্বাহ্ন

রাজশাহীজুড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রোববার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সারাবিশ্বের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, নারীদের সবাই লেবার হিসেবে পছন্দ করে, মানুষ হিসেবে ভালোবাসতে কম চায়। বাইরের কাজ, ঘরের কাজ এবং শ্রমিক হিসেবে আপনি খুবই পছন্দের কিন্তু সঙ্গী হিসেবে পছন্দের হওয়াটা খুবই কঠিন। আপনি ভালো আছেন কিনা; আপনার সন্তানকে নৈতিকভাবে সঠিক শিক্ষা দিতে পারছেন কিনা এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নারী-পুরুষ কেউ কারও  প্রতিদ্বন্দ্বী না, সকলেই  সহযোগী। নারী-পুরুষ দুই অংশ যদি সহযোগী না হয় তাহলে সমাজের উন্নয়ন কখনোই সম্ভব হবে না। সমাজ, দেশ এবং নিজের উন্নয়নের জন্য আমরা একে অপরের সহযোগী হবো।

রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শারমিন শাপলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার এবং সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

পবা
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের দক্ষতা ও অংশগ্রহণ ছাড়া দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা যায় না। গতকাল রোববার সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ সবুজ ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন প্রমুখ।

মোহনপুর
রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

চারঘাট
রাজশাহী চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন ও চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান। অনুষ্ঠানে চারঘাটের শ্রেষ্ঠ অদম্য নারী চারঘাট মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন।

নিয়ামতপুর
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ঘাসফুলের স্মার্ট-ফ্রুটস্ (ঝগঅজঞ-ঋজটওঞঝ) উপ-প্রকল্পের উদ্যোগে এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা, এতিম শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে তা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।  অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল এতিম শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গোমস্তাপুর
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উিপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত রবিবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সনাকের উদ্যোগে এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সহযোগিতায় মানববন্ধন কর্মসুচী পালন করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাকের জেলা আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা ম্যানেজার মোমেনা খাতুন, আশা’র এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, সুর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন, ইয়েস দলনেতা নাজমিন খাতুন, ইয়েস দলনেতা নাজমিন খাতুন, ইয়েস সহদলনেতা হাসিব হাসান প্রমুখ ও টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল প্রমুখ। মানববন্ধনে টিআইবি’র বিভিন্ন দাবি সম্বলিত দিবসটির ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য ড. দীপালী রাণী দাস।
শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক অফিস এবং ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা। সভায় অদম্য নারীদের সাফল্য নিয়ে আলোকপাত করা হয়।