তেল পাচার রোধে পোরশা সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপি সদস্যরা।
উপজেলার কপালীর মোড় ও সরাইগাছী তেল পাম্প ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে, সীমান্তে নজরদারি জোরদারকরণ টহল, জ্বালানি সরবারাহ ও পরিবহন কার্যক্রম মনিটরিং, আকস্মিক তল্লাশি ও মোবাইল টহল এবং স্থানীয় জনসম্পৃক্ততা বৃদ্ধি, পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার রোধে প্রয়োজনীয় কঠিন তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কার্যক্রম চলমান রেখেছন তারা।
এছাড়াও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এতে নেতৃত্ব দিচ্ছেন ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সেখ আব্দুল জব্বার। তিনি জানান, সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য কিছুটা অস্থিরতা লক্ষ করা যাচ্ছে।
এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য তারা স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা বাংলাদেশি তেলবাহি লরিসহ বিভিন্ন ফিলিং স্টেশনে কঠোর নজরদারি এবং স্টেশনে জ্বালানি বিপণন তদারকি ও বিশেষ তল্লাশি জোরদার করেছেন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতায় তারা কাজ করছেন এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।










