ঢাকা | মার্চ ৭, ২০২৬ - ৮:২৮ পূর্বাহ্ন

আত্রাইয়ে স্ত্রী-কন্যাকে হত্যার পরে আত্মহত্যা করলেন যুবক

  • আপডেট: Saturday, March 7, 2026 - 12:36 am

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ঘাতক স্বামী তার স্ত্রী ও শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করার পর সে নিজেও আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে। গতকাল শুক্রবার গভীর রাত প্রায় ১টার দিকে এই ঘটনা বলে জানা যায়।

জানা গেছে, ওই গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (৩০) মদকাসক্ত ছিল। এ কারণে পারিবারিক কলহ প্রায় লেগেই থাকতো। এরই জের ধরে গতকাল শুক্রবার গভীর রাতে অনুমান সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কোন এক সময় জয় নিজের শয়ন কক্ষে তার স্ত্রী দৃষ্টি সরকারকে (২৩) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে।

এরপর ২ বছরের শিশু কন্যা জেনি সরকার শিমাকেও একই কায়দায় গুরতর জখম করার পর সে নিজেই তার ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে জয়ের বাবা-মা এবং প্রতিবেশি লোকজন এসে স্ত্রী দৃষ্টি সরকারকে মৃত অবস্থায় দেখতে পায়।

পাশাপশি গুরতর জখম অবস্থায় জয় ও তার শিশু কন্যা শিমাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে পিতা-কন্যা দুজনেই মারা যায়।

জয় সরকারের বাবা গৌতম সরকার বলেন, জয় দীর্ঘদিন যাবত মানষিক রোগী ছিল। সে ছোট-খাটো বিষয় নিয়ে সব সময় উগ্র মেজাজে চলাফেরা করতো এবং পরিবারে সবসময় মারমুখী আচারণ করতো। তবে স্থানীয়রা বলছে অন্য কথা। জয় সরকার ছিলো একজন মাদকাসক্ত বেকার ছেলে। সে ৫ বছর আগে প্রেম করে দৃষ্টিকে বিয়ে করে। মাদকাসক্ত থাকার কারণে প্রায় প্রতিদিনই নানা ঝামেলা নিয়ে স্ত্রীকে মারপিট করতো। তার ধারাবাহিকতায় রাতে তার স্ত্রী-কন্যাকে উপর্যপুরি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি হত্যা মামলা ও একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।