ঢাকা | মার্চ ২, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

নর্থ বেঙ্গল সুগার মিলকে আধুনিকায়ন করা হবে: প্রতিমন্ত্রী পুতুল

  • আপডেট: Sunday, March 1, 2026 - 9:33 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়ম দূর করে আখ চাষি, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে নর্থ বেঙ্গল সুগার মিলে উৎপাদন ক্ষমতা আরো বাড়ানো জন্য একটি আধুনিক সুগার মিল গঠনে সকল সহযোগিতা করা হবে।

রোববার সকাল সাড়ে দশটার দিকে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, প্রতিবছর দেশে মোট উৎপাদিত চিনির শতকরা ২৩ ভাগ নর্থবেঙ্গল সুগার মিল থেকে উৎপাদন করা হয়। সারা বাংলাদেশের সকল চিনিকলগুলোকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে পরিচালনা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, সততা ও আন্তরিকতার মাধ্যমে তা সম্ভব।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন তাদের অনেকের পেনশনের টাকা এখনো পান নাই। অনতিবিলম্বে এই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুগার মিলের উৎপাদিত মূলাসেস ব্যবহার করে ড্রিসটিলারি তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।

এর আগে প্রতিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলের শহিদ সাগরে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহিদ স্মৃতি জাদুঘর পরিদর্শন, একটি বৃক্ষরোপণ করেন। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।