ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে আমবাগানে যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:22 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান থেকে শিহাব আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার চন্ডিপুরের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার জন্য জাপানি ভাষা শিখছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গতকাল শনিবার বিকালে চন্ডিপুরের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক শাকিল হাসান বলেন, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নেশা জাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিজ জব্দ করা হয়েছে। হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।