ঢাকা | মার্চ ১, ২০২৬ - ৩:০২ পূর্বাহ্ন

দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলো রয়্যাল’স ক্লাব

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: নগরীর দরগাপাড়া এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ২৭টি সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রয়্যালস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির।

শনিবার রয়্যালস্ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন তুলে দেন উপকারভোগীদের হাতে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খন্দকার হাসান কবির বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও রয়্যালস্ ক্লাবের উদ্যোগে দরগাপাড়া এলাকার মা-বোনদের জন্য ২৭টি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

তিনি জানান, মেশিন বিতরণের আগে একজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ তৈরি করতে পারেন। তিনি আরও বলেন, আমি চাই দারিদ্র্য দূর হোক। আমাদের মা-বোনেরা যেন নিজেরা উপার্জন করে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ। গত বছরও একই উদ্যোগের আওতায় ২৫ জন নারী ও যুবতীকে প্রশিক্ষণ শেষে ২৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছিল। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, খন্দকার মিজানুর রহমান খোকন (ক্লাবের উপদেষ্টা), ডাঃ মাহফুজুর রহমান রানা (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, মাকসুদুর রহমান সৌরভ-সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্য ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এই সহায়তার জন্য খন্দকার হাসান কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন।