ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীকে শান্তির মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-০২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজশাহী মহানগরীকে শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। আর এই শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসতে যারাই বাধা দিবে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থার মধ্য দিয়ে শান্তি সুনিশ্চিত করা হবে। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজারে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, আপনারা জানেন যে এই মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় ১৬টি প্রতিষ্ঠান জড়িত। সবগুলোকে সমন্বিতভাবে নিয়ে এসে আমি আপনাদের সন্তান হিসেবে রাজশাহী তথা দেশবাসীর উন্নয়নে কাজ করব। আপনারা দোয়া করবেন যেন আমার মধ্যে কোন অহংকার না হয়; ‘আমি’ আর ‘আমার’ এ ধরনের মনোভাব না আসে।  ‘আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব।

ভূমিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সততার সঙ্গে নিজ নিজ যার দায়িত্ব তা পালন করার জন্য। তিনি সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত অফিস করেন। বিশেষ ছুটির দিনও তিনি অফিস করেন এবং নির্দেশ করেন। তাই আল্লাহ আমাকে সম্মানের সাথে কাজ করার যে সুযোগ দিয়েছেন তা আমি আমার সবকিছু দিয়ে করার চেষ্টা করব।

আল্লাহর দেয়া দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে পরিকল্পিতভাবে কাজ করে যাবেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সম্প্রতি রাজশাহীর সমাবেশে হাইটেক পার্কের আরও উন্নয়নের ঘোষণা দিয়েছেন, যাতে এখানকার তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তি শিখে দেশে-বিদেশে নিজেদের ভাগ্য গড়তে পারে।

গত ১৭ বছরে রাজশাহীর উন্নয়নে কিছু ঘাটতি ছিল স্বীকার করে ভূমিমন্ত্রী বলেন, একসময় রাজশাহী বিশ্ব মধ্যম শ্রেণির হ্যাপি সিটির তালিকায় স্থান পেয়েছিল। আমরা সেই সুনাম ফিরিয়ে আনতে চাই। গ্যাস সরবরাহসহ নাগরিকদের প্রত্যাশিত উন্নয়ন আমরা পূরণের আশ্বাস দিয়েছিলাম, ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন হবে।

তিনি নিজেকে রাজশাহীবাসীর সন্তান উল্লেখ করে ছুটির দিনেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার ভুল হলে ধরিয়ে দেবেন, কারণ ভুল ধরিয়ে দেওয়াই প্রকৃত বন্ধুর কাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের এমপি এডভোকেট শফিকুল হক মিলন ভূমিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ইপিজেড চালুর দাবি জানান। এর আগে রাজশাহী নাগরিক কমিটির নেতারা মন্ত্রীকে রাজশাহীর উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

শুভেচ্ছা বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহী শুভেচ্ছা বিনিময় সভায় রাজশাহী নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের সভাপতি এডভোকেট আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট আলী আশরাফ মাসুম, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, এডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, এডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. হাবিবুর রহমান ও প্রফেসর ড. ফৌজিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর আক্তার হোসেন।