ভয়াবহ হামলার মুখে ইরান
সোনালী ডেস্ক: ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সকালে এ হামলা শুরু করে তারা। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন অন্তত ৯০ জন। এরমধ্যে প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ৫৩ জন। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করেছে দেশটি। হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইরান। এদিকে হামলায় ইরানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে দেশটি।
ইসরাইলি-মার্কিন যৌথ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৯০ জন আহত হয়েছেন। হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় ফার্স নিউজ এজেন্সি। প্রতিবেদন মতে, হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানিয়েছেন, হরমোজগানের মিনাব ও জাস্ক শহরে হামলায় অন্তত ৭০ জন মারা গেছেন এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৫৩ শিক্ষার্থী রয়েছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৫৩: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা গতকাল শনিবার রাত ১০টা পর্যন্ত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন। সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে যে শনিবার সকালে ইসরাইল ওই স্কুলে সরাসরি হামলা করেছে। তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, তাই উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শীর্ষ কর্মকর্তা ও সেনাপ্রধান নিহতের খবর অস্বীকার: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার দেশটিতে মার্কিন-ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা এবং দেশটির সেনাপ্রধান নিহত হওয়ার খবর অস্বীকার করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর কায়েম্পানাহ এক্স এক্সটারনালে এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন। প্রেসিডেন্টের পুত্র ইউসুফ পেজেশকিয়ান, টেলিগ্রাম, এক্সটারনাল-এ লিখেছেন যে এবার তাদের হত্যার প্রচেষ্টা সফল হয়নি। সেনাবাহিনী তাদের কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির মৃত্যুর খবর অস্বীকার করেছে এবং ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান আলী লারিজানি অক্ষত রয়েছেন।
ইসরাইল-যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিবাদী বার্তা প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু এবং ট্রাম্পের যুদ্ধ সম্পূর্ণরূপে অপ্ররোচিত, অবৈধ। তিনি বলেন, ট্রাম্প আমেরিকা ফার্স্ট কে ইসরাইল ফার্স্ট-এ পরিণত করেছেন – যার অর্থ আমেরিকা শেষ।
যা বলল রাশিয়া: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
মুখ খুললো সৌদি আরব: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানি হামলার ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি। আল জাজিরা জানিয়েছে, ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতি’ লঙ্ঘনের জন্য ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান: ইসরাইলি-মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। এগুলো প্রধানত সামরিক গুরুত্বপূর্ণ স্থান।
ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলার নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই জাতীয় আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দেশটি আরও বলেছে, হামলার প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার তাদের রয়েছে।
যে হুঁশিয়ারি দিল ইরান: ইসরাইলি-মার্কিন হামলায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। হামলাকারীরা তাদের কর্মকাণ্ডের জন্য ফল ভোগ করবে। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার ভোরে শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে।











