ঢাকা | মার্চ ১, ২০২৬ - ৩:৪৪ পূর্বাহ্ন

রাজশাহীতে গুলি করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি উকিলকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোর পাঁচটায় জেলার চারঘাট উপজেলার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর মিডিয়া উইং দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার উকিল শহরের খোঁজাপুর এলাকার নহির উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি মহানগরীর ডাঁসমারি এলাকার বাসিন্দা দিনমজুর গোলাম মোস্তফা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এসময় পূর্বশত্রুতার জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মোস্তফার স্ত্রী বাদী হয়ে মতিহার থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব।

চারঘাটের ধর্মহাটা পটিয়াকান্দি থেকে অভিযান চালিয়ে উকিলকে গ্রেপ্তার করা হয় উকিলকে নগরীর মতিহার থানায় শনিবার সকালে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।