ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৬ - ১:০৮ পূর্বাহ্ন

নগরীতে বক্সারকে ছুরি মেরে হত্যায় অভিযুক্ত তরুণ আটক

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগীরর শাহমখদুম থানার মিলপাড়া এলাকায় বক্সার  সাব্বিরকে (২১) ছুরি মেরে হত্যায় অভিযুক্ত জাসনকে (২৫) আটক করা হয়েছে। নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বুধবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ছুরি মেরেই সে পালিয়ে গিয়েছিল। চর থেকে তাকে আটক করা হয়েছে। তাকে থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে এখনও মামলা হয়নি। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, তরুণ বক্সার সাব্বিরের বাড়ি নগরীর শাহমখদুম থানার পবা মিলপাড়ায়। তার বাবার নাম শাহিন ইসলাম। অভিযুক্ত জাসনের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম আমিরুল ইসলাম। জাসন মাদকাসক্ত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে সাব্বির ও তার বাবা শাহিনের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন।

বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সন্ধ্যা পর্যন্ত জাসন আটক না হলে এলাকাবাসী বিক্ষোভ করেন। সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সপুরা টিটিসি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত ৮টা পর্যন্ত বিক্ষোভ হয়।

এসময় তারা অবিলম্বে মূল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী সড়ক ছেড়ে দেন।

এলাকাবাসীর দাবি, নিহত সাব্বির অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে জাসন তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল বলেন, সাব্বির একজন মেধাবী বক্সিং খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় তার উজ্জ্বল সম্ভাবনা ছিল। আমরা একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারালাম। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে ক্রীড়াবিদরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।