ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ৭:২৯ অপরাহ্ন

রাজশাহীতে পাঁচ ‘অদম্য নারী’কে বিভাগীয় সম্মাননা প্রদান

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ৪০ জন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ে মোট ৪০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্য থেকে পাঁচজনকে বিভাগীয় সেরা ‘অদম্য নারী’ ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শেরপুর উপজেলার রিজু তামান্না, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম, বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পাবনা সদর উপজেলার লতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে মোহনপুর উপজেলার রাশেদা বেগম এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে চারঘাট উপজেলার রাজিয়া খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,“নারীরা আজ শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। প্রতিকূলতা পেরিয়ে যারা এগিয়ে চলেছেন, তাঁদের স্বীকৃতি দেয়া মানে পুরো সমাজকে এগিয়ে নেয়া। অদম্য নারীদের এই সম্মাননা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি আরও বলেন, এই বিভাগের অংশগ্রহণকারী ৪০ জন নারীর জীবনের চ্যালেঞ্জ নিয়ে আমরা বিভিন্ন ডকুমেন্টটি ও প্রচার-প্রচারণা করতে পারি। নারীর শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, অদম্য নারীদের এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং সমাজে নারীর ক্ষমতায়ন, আত্মমর্যাদা ও নেতৃত্বের বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।