ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ১১:৪৪ অপরাহ্ন

চারঘাট ও গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 10:09 pm

চারঘাট ও গোমস্তাপুর প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন, চারঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অনিয়ম, দুর্নীতি, মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ভারপ্রাপ্ত আব্দুল মতিন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার আতিকুর রহমান।