ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 10:01 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চোর তাড়া করতে গিয়ে দোতলা থেকে পড়ে অগ্রণী ব্যাংকের সাবেক কর্মচারী রফিকুল ইসলামের (৬৮) মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি মারা যান। এর আগে অসুস্থতাজনিত কারণে শহরের নিজ বাড়িতে মারা যান তার বড় ভাই আব্দুস সাত্তার টুনু। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত ব্যক্তিরা শহরের ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর ঈদগাহ (মাঝপাড়া) এলাকার মৃত ইউনুস শেখের ছেলে। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাশের চোর ঢুকেছে সন্দেহে প্রতিবেশীরা চিৎকার করে। তখন রফিকুল ঘর থেকে বেরিয়ে আসেন।

নিজ বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে বেরিয়ে পাশের বাড়ির ছাদের দিকে যাওয়ার সময় রেলিংবিহীন একটি ফাঁকা জায়গা দিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে রফিককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলামের ছেলে ব্যবসায়ী ফেরদৌস আহমেদ (৩৭) বলেন, বড় চাচার মৃত্যুর খবরে বাবা শোকাহত ছিলেন। এর মধ্যে পাশের বাড়িতে চোর এলে তিনিও প্রতিবেশীদের মতো চোর তাড়া করতে গিয়ে পড়ে মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ো যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। চোর আসা, তাড়াসহ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।