ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৬ - ২:১৪ পূর্বাহ্ন

আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিল

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 9:50 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলে আখের অভাবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে ১৩ কর্ম দিবস আগেই মাড়াই মৌসুম বন্ধ করেছে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে গত বছরের ১০ নভেম্বর এই মিলে চলতি মৌসুমের (২০২৫-২৬) আখ মাড়াই শুরু করা হয়।

মিল সূত্র জানায়, চলতি মৌসুমে মাড়াইয়ের শুরুতে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ দিনে কর্মদিবসে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫ ভাগ।

অন্যদিকে চলতি মৌসুমে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৮ কর্মদিবসে দৈনিক প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন হারে মোট ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এসময় প্রায় ৯ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চিনি আহরণের হার অর্জিত হয়েছে ৫ দশমিক ৬ ভাগ।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে চাষ করে ২ লাখ মেট্রিক টন আখ সরবরাহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আমাদের পর্যাপ্ত পরিমান আখ থাকা সত্ত্বেও আশপাশের দুইটা মিল নাটোর এবং রাজশাহী সুগার মিলে দালালদের মাধ্যমে হাজার হাজার মেট্রিক টন আঁখ চলে যাওয়াতে আমরা এবার লক্ষ্যমাত্রা পূরণে করতে পারিনি।

এ সময় প্রতি কুইন্টালে ২৫ টাকা বৃদ্ধি করে ৬০০ হতে ৬২৫ টাকা করা হয়। চলতি মৌসুমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫ হাজার আখ চাষীদের বিল পরিশোধ করা হয়। এছাড়া এই মৌসুমে চাষীদের মাঝে ১৫ কোটি টাকা বিতরণ করা হয়।