বাজার তদারকিতে বাধার প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: রমজানের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর অসাধু ব্যবসায়ীদের প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্যাব রাজশাহী। সংগঠনের নেতারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোববার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া দীর্ঘদিনের সমস্যা। এ সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। “বাজার মনিটরিং শুধু প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ,” বলেন তিনি।
কর্মসূচিতে লিখিত দাবি পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
তিনি বলেন, “এ ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়, এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের জন্য অশনিসংকেত। যদি অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে প্রশাসনিক কার্যক্রমে বাধা দেয়, তাহলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার, ক্যাব রাজশাহীর সদস্য মোহনা ও পলি প্রমুখ।











