ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবের বীর শহিদদের রক্ত বৃথা যেতে দেব না: ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Sunday, February 22, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘জুলাই বিপ্লবের বীর শহিদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। এই তরুণদের আত্মত্যাগের মাধ্যমেই দেশে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। সরকার শহিদ পরিবারগুলোর পাশে আছে এবং তাদের পুনর্বাসনসহ যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

গত শনিবার রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতারের আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের অভাব-অভিযোগ শোনেন ও খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং আহত ও শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন শহিদ পরিবারের স্বজনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের বাসভবনে তিনি সাক্ষাৎ করতে যান। মিনু গিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হাসি মুখে বুকে জড়িয়ে নেন।

সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। তিনি রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এ সময় ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আগামীর রাজশাহী সুন্দর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে রাজশাহীকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করবো। আগামী দিনে সবাই মিলে মিশে সুন্দর রাজশাহী গড়ে তুলবো।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জামায়াত নেতা আমিনুল ইসলামসহ বিএনপি ও মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভূমিমন্ত্রী এবং জামায়াত প্রার্থীর প্রশংসা করেন নেটিজেনরা।

সোনালী/জগদীশ রবিদাস