ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ৩:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে নানা আয়োজনে একুশ উদযাপন

  • আপডেট: Sunday, February 22, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে রাজশাহীতে একুশ উদযাপণ করা হয়েছে। গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশ : জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এসময় বিভাগীয় কমিশনার বলেন, বায়ান্ন আমাদের এমন একটা অনুপ্রেরণার জায়গা, আমাদের অন্তরের অন্তস্থলে এমন এক মর্ম বেদনা, যা আমরা সারা জীবন বয়ে নিয়ে যাই, বংশপরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে। পঁচাত্তর বছর পরেও আমাদের স্মৃতি এখনও তরতাজা, আবেগ এখনও তরতাজা। কারণ বাঙালি একটি আবেগপ্রবণ জাতি। ঐতিহ্যকে আমরা এমনভাবে লালন করি যেমন ভাবে আমার সন্তানকে লালন করি। এই কারণে আমরা দেখি, আমাদের স্মৃতিসৌধ-শহিদ মিনারে বয়স্কদের যেমন আগমন ঘটে আমাদের ছোট সন্তানদেরও তেমনি আগমন ঘটে। এইসব প্রতিষ্ঠানগুলো আমাদের জাতিকে একটি ঐকতানে আবদ্ধ রাখে।

জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিলল্র রহমান এবং পুলিশ সুপার নাইমুল হাসান। ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি অনুষ্ঠানে হৃদয়গ্রাহী বক্তৃতা করেন। আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে ২১ ফেব্রুয়ারি দিবসের শুরুতে রাত বারোটা এক মিনিটে সোনাদিঘি এলাকায় নবনির্মিত শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তর ও সংস্থা, বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জেলা পরিষদ:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন  করেছে রাজশাহী জেলা পরিষদ। দিবসের প্রথম প্রহর ১২ টা ০১ মিনিটে রাজশাহী মহানগর সোনাদিঘির মোড়ে  অবস্থিত  রাজশাহী কেন্দ্রীয়  শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান  রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা কাওছার হাবীব, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:)  আলেফ আলী-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে নীরবতা পালন করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন  করেন।

রাসিক:

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর ১২ টা ০১ মিনিটে সোনাদিঘি মোড়স্থ রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল আল মঈন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন খোকন, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক সানারুল ইসলাম ছবি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে আরো ছিল ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত পতাকা দ্বারা সজ্জিতকরণ, বাদ যোহর সোনাদিঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা।

বিএমডিএ:

২১ শের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী সোনাদিঘি এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের শ্রদ্ধা নিবেদন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এর নির্দেশনায় বিএমডিএ‘র সচিব মেহেদী হাসান এর উপস্থিতিতে রাত ১২টা ১ রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী হারুন উর রশিদ, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, উপ-পরিচালক মাহফুজুল হক, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ সংগঠনের সকলে উপস্থিত ছিলেন। এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর এ প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন। এছাড়া এদিন বরেন্দ্র বহুমুখী উন্নযয়ন কর্তৃপক্ষ, প্রধান কার্যালয়সহ আওতাধীন স্ব-স্ব দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করা ও শহীদ মিনারে পুষ্পস্ববক অর্পণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়:

ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় । দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর  মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সেখানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর রাকসু ও শহিদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত। দিবসের কর্মসূচিতে আরো ছিল রাবি স্কুল ও মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা; রাকসু, রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।

রাজশাহী  কলেজ:

একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী রাজশাহী কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯.০০টায় রাজশাহী কলেজের অধ্যক্ষর নেতৃত্বে কলেজের রজনীকান্ত মঞ্চ থেকে এক প্রভাত ফেরি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান,  সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। সকালে কলেজ মিলনায়তনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য -শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ:

যথাযোগ্য মর্যদায় অমর একুশে ফেব্রুয়ারি’ ২০২৬ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কল্পে মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন শীর্ষে শোক পতাকা উত্তোলন, জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমিত করণ, সকাল ৮ টায় ভবন চত্ত্বরে মুক্তিযোদ্ধা গণজমায়েত ও কালো ব্যাজধারণ, সকাল ৯টায় শোক র‌্যালি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, সকাল ১০টায় জেলা কমান্ড কার্যালয়ে শহিদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা ইউনিটের আহ্বায়ক (কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদের নেতৃত্বে এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন জেলা যুগ্ম আহ্বায়ক (ডেপুটি কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ মোমিন কাজল, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম (সেনাবাহিনী), জেলা সাবেক দপ্তর কামান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

আরইউজে:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর পক্ষ থেকে রাজশাহীর সোনা দীঘিতে নবনির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুর ইসলাম স্বপন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নয়াদিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুল আউয়াল। তাঁদের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও বাসস প্রতিনিধি ওমর ফারুক, অর্থ সম্পাদক ও নতুন প্রভাতের প্রধান প্রতিবেদক হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি আশিকুর রহমান। কার্যনির্বাহী সদস্য ও নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহাবুবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

আরটিজে

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজে)। একুশের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘিতে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় আরটিজের সভাপতি ও এনটিভির রাজশাহী স্পেশাল করেসপন্ডেন্ট শ. ম. সাজু এবং সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজের নেতৃত্বে সদস্যরা শহিদ মিনারের বেদীতে ফুল দেন। এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট আব্দুল জাবীদ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির ব্যুরো প্রধান ইউ. আদনান, কোষাধ্যক্ষ চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আবরার শাঈর এবং দপ্তর সম্পাদক এখন টিভির সিনিয়র রিপোর্টার ও ব্যুরো ইনচার্জ রাকিবুল হাসান রাজিব।

জাতীয় আদিবাসী পরিষদ:

জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে নগরীর ভুবন মোহন পার্ক শহিদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া,  কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস (আনু), রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়া প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য  নিবেদন কর্মসূীিতে  সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের জনপ্রতিনিধিরা অংশ নেন।

কাশিয়াডাঙা কলেজ:

নগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত কাশিয়াডাঙা কলেজে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি, কলেজ চত্বরস্থ শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আবদুল করিম সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক খন্দকার আতাউল হক, শিক্ষক শামীম রেজা প্রমুখ।

পবা:

রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না। সরকারি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। উন্নয়ন প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর নজরদারি ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতার সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। গত শনিবার পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মিলন প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এসময় বক্তব্য রাখেন, হড়গ্রাাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারি, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, পবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এমএ মান্নান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

পুঠিয়া:

পুঠিয়ায় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে পুঠিয়া পৌরসভার পাঁচআনী রাজবাড়ী বাজার এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এ শ্রদ্ধা জানান।এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, বিভাগীয় কোর্ট রাজশাহীর স্পেশাল (পিপি) মুন্সী আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, সাবেক ছাত্রনেতা ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রভাষক আতিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চারঘাট :

রাজশাহীর চারঘাটেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক রাত ১২:০১ মিনিটে চারঘাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকীসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহিদ বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শাপলা:

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে গত শনিবার সকালে রাজশাহীস্থ বনলতা আবাসিকে সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) কনফারেন্স হলে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা ও দোয়া করা হয়। দিবস উদযাপনের অংশ হিসেবে দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় সংস্থার উদ্যোগে নির্বাহী পরিচালকসহ প্রধান কার্যালয়ের স্টাফদের নেতৃত্বে একটি টিম রাজশাহী কলেজ প্রাঙ্গণে র‌্যালি ও কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে এবং কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ২য় পর্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে এক মিনিট নীরবতা পালন করেন, এরপর দিবস সম্পর্কিত আলোচনা এবং সবশেষে ভাষা শহিদদের জন্য দোয়া করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়:

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সকাল সাড়ে ৯ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্লাজা চত্বর হতে প্রভাতফেরি বের করা হয়। যা অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।  সে সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে স্মরণ করেন এবং ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন।

টিএমএসএস:

টিএমএসএস পরিচালিত দেশব্যাপী শাখা অফিসসহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বাহান্নর ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। টিএমএসএস গ্র্যান্ডহেল্থ  সেক্টর টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টর এর উদ্যোগে সকালে টিএমএসএস মেডিকেল কলেজ চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ।

পোরশা:

নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। গত শনিবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১ মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনের ডিজিএম মুহিউদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাত ১২টা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, নিয়ামতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গোমস্তাপুর:

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন দিবটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে শহিদ মিনারে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করেন। এছাড়া গতকাল শনিবার সকাল দশটায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

রহনপুর:

রহনপুরে ভাষা শহিদের স্মরণে পৌর বিএনপি ও গোমস্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে রহনপুর ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধায় ৫২’র ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে। সেই সঙ্গে সর্বস্তরে প্রমিত বাংলার শুদ্ধ চর্চা, বাংলা ভাষাকে প্রযুক্তির কাছাকাছি নিয়ে আসা, বাংলা ভাষাতেই সকল কাজ সম্পন্ন করা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। জেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে গত শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান,  জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

পাবনা:

পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হয়েছে। ২১ এর প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ,পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান, জেলা পরিষদ, পাবনা প্রেসক্লাব, পৌরসভা, জেলা বিএনপিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্কুল,কলেজ ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকালের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্কুল,কলেজ ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেন দিবসটি উপলক্ষে। মাতৃভাষা ও শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী দোয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন।
মহাদেবপুর:

নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলন বিষয়ে আলোচনা সভা, ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বাদ জোহর বিভিন্ন মসজিদে এবং সুবিধামত সময়ে অন্যান্য উপাসনালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবৃতি প্রতিযোগিতা ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন।