ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ৪:৩৮ পূর্বাহ্ন

পুঠিয়ায় সড়কে প্রাণ গেল স্কুলশিক্ষকের

  • আপডেট: Sunday, February 22, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। আব্দুর রাজ্জাক উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় রাজশাহীর দিক থেকে আসা পাথরবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।