ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৬ - ১:৫৯ পূর্বাহ্ন

সততা-নীতির প্রশ্নে কোনো আপস নেই: ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Friday, February 20, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, হয়তো আমাদের অনেক নেতৃবৃন্দ ইচ্ছার বাইরেও তদবির করেন। অনেক সময় অফিসে আপনারা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন। আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনারা সবকিছু আইনের মধ্য দিয়ে করবেন। আমরা চাই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত। আমি আশা করব, আপনারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। মনে রাখবেন সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। রাজশাহীর বিভাগীয় ও জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন, নতুন পরিবেশে খুব দ্রুত সময়ে বাংলাদেশ যুগোপযোগী ও আধুনিক ব্যবস্থায় প্রবেশ করুক। রমজানে যেন বাজার ঠিক থাকে, জনদুর্ভোগ যেন না হয়, আপনারা সেদিকে বিশেষ দৃষ্টি দেবেন। আপনারা কাউকে বস মনে করবেন না। আপনারা আমার সহকর্মী। আমরা রাজশাহী মহানগর, জেলা এবং বিভাগের উন্নয়ন ঘটাতে চাই।

এ সময় রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গত এক বছরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি এ প্রতিষ্ঠানগুলো খুবই ডায়নামিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের যে-সব অনিয়মের দুর্নাম আছে সেগুলো আমাদের ব্যথিত করে। আমি আশা করছি ভূমি মন্ত্রণালয়ের এসব অনিয়ম ভবিষ্যতে আর হবে না। আমি চেষ্টা করব যে, মন্ত্রণালয় হতে আপনাদের ট্রান্সফারের মত বিষয়গুলোতে যেন বিচলিত না হতে হয়।

আরএমপি প্রতিষ্ঠায় ভূমিমন্ত্রী তার নিজের ভূমিকা তুলে ধরে বলেন, বিগত সময়ে মেয়রের দায়িত্ব পালনকালে আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিকট ডিএমপি ও সিএমপির ন্যায় আরএমপি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলাম। আগে রাজশাহী খুবই নিরাপদ ছিল। বিগত সতেরো বছরে নিরাপত্তার ক্ষেত্রে রাজশাহী অনেক পিছিয়ে গেছে। আমরা আমাদের প্রিয় নগরীকে অতি দ্রুত শান্তির নগরী করতে চাই।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যা কিছু হয়েছে ভুলে যান, মনের মাঝে কেউ যেন দুঃখ-ব্যথা নিয়ে না থাকেন। যারা অন্যায়ের সাথে ছিল তাদের আইন অনুসারে ব্যবস্থা হবে। আর যারা দেশের জন্য সততার সাথে কাজ করেছেন, তারা আরও সুসংগঠিত হয়ে জনগণের নিরাপত্তা দেয়ার কাজটি করবেন। মানুষ যত ধরনের অনুরোধ করুক না কেন, আপনারা আইন অনুসারে ব্যবস্থা নেবেন। সততা ও নিষ্ঠার ক্ষেত্রে ভূমিমন্ত্রী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেন বলে মন্তব্য করে তাঁর (শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান) সততা, দক্ষতা ও দেশপ্রেম বিশ্বব্যাপী সবার কাছে অনুকরণীয় বলে উল্লেখ করেন।

এসময় মিজানুর রহমান মিনু সকল মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্টের আন্দোলনে শহিদ এবং রাজশাহীর মাটিতে যারা অবদান রেখে গেছেন তাদের পারলৌকিক জীবনের শান্তি কামনা করেন এবং জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার রেজাউল করিম এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।