নাটোরে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিলেন গৃহবধূ
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জৌদতবকী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে অভিমানে গতকাল শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
পরে পরিবারের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রমান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।











