ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 10:22 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।

এ সময় তিনি বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে। পাশাপাশি উপকরণগুলো সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লা আল আজাদী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমুখ।

শেষে উপজেলার ২০ কৃষককের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ (কন্দ), ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক), একটি সাইনবোর্ড এবং ৩০ কৃষককের প্রত্যেককে হলুদের বীজ ১০০ কেজি, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।