জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিব: ভূমিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করে ইনশাআল্লাহ্ আগামী দিনে সেগুলো পূরণ করা হবে। বিগত দিনে ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কষ্ট হয়েছে।
আমরা সবাই মিলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেব। ভবিষ্যতে এ মন্ত্রণালয় অর্থনীতিতে আরো ভালো ভূমিকা রাখবে। আমার বড় ভাই প্রতিমন্ত্রী থাকায় অতীতে এ মন্ত্রণালয়ে আমার যাতায়াত অনেক বেশি ছিল।
বুধবার সকালে ভূমি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী আমাদের মা, গণতন্ত্র পুনরুদ্ধার যার নেতৃত্বে হয়েছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান লিডার প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সততা ও দক্ষতার সাথে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সাথে থেকে কাজ করবো। যতটুকু সময়ই থাকি, সম্মান ও সুনামের সাথে থাকবো। বিগত সরকারের মতো দুর্নীতির ভাগিদার যেন না হয়, সেভাবে কাজ করবো। আল্লাহ যেন আমাদের সকল দুর্নামের হাত থেকে রক্ষা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের তৈরি। আমরা তার আদর্শকে ধারণ করে চলতে চাই। আমরা পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য বদলে কাজ করবো। আগামীতে আমরা আলোর পথে হাঁটতে চাই। অন্ধকারে ফিরে যেতে চাই না। এসময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











