ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ২:২৯ পূর্বাহ্ন

সাকিব-মাশরাফিকে দ্রুত দেশের ক্রিকেটে ফেরাতে চান আমিনুল হক

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 11:05 pm

সোনালী ডেস্ক: ২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিবের চেয়ে রাজনৈতিক সাকিবের পরিচয় মুখ্য হয়ে ওঠার কারণে ঘরের মাঠে খেলতে পারছেন না সাকিব। আর মাশরাফি বিন মর্তুজা দেড় বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন, সেটাও রাজনৈতিক কারণে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তাঁরা ক্রিকেটে ফিরতে পারবেন কি না, সেটা রাষ্ট্র দেখবে।

বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। শপথ গ্রহণের পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দীর্ঘ সময় কথা বলেছেন। তাঁর সংবাদ সম্মেলনে এসেছে মাশরাফি-সাকিবের প্রসঙ্গও। যে মাশরাফি-সাকিব বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে রাখার মতো অনেক মুহূর্ত এনে দিয়েছেন, তাঁদের এই দীর্ঘ ক্রিকেট বিরতির পেছনে রাজনৈতিক কারণ তো রয়েছেই; এমনকি তাঁদের (মাশরাফি-সাকিব) নামে রয়েছে একগাদা মামলা।

ক্রিকেটে ফিরতে হলে মাশরাফি-সাকিবের নামে যে মামলাগুলো রয়েছে, সেগুলোর আগে নিষ্পত্তি হওয়া দরকার বলে মনে করেন আমিনুল। আজ সাংবাদিকদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিব আর মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমরা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত নমনীয়। যেহেতু তাঁরা বাংলাদেশের তারকা ক্রিকেটার, তাঁদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে, সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই, তাঁরা যাতে আমাদের বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারেন।’

হামজা চৌধুরী-ফাহামিদুল ইসলাম-শমিত সোমদের মতো প্রবাসীরা আসায় দেশের ফুটবলে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। গত বছর ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের যত ম্যাচ হয়েছে, সব ম্যাচেই দেখা গেছে ‘হাউসফুল’ গ্যালারি। এমনকি স্টেডিয়ামের গেট ভেঙেও অনেক ভক্ত-সমর্থকেরা ঢুকেছেন। কিন্তু ১৭ বছর ধরে স্টেডিয়ামের আশপাশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘দেখেন, আমাদের ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশ, আমি যখন থেকে খেলেছি ছোটবেলা থেকে, তখন থেকে কিন্তু একই পরিবেশ দেখেছি। তাই এটার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু এটা আমার মন্ত্রণালয়ের অধীনে, তাই আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান করার সুযোগ থাকে, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব।’

সংবাদ সম্মেলনে বসেই আজ আমিনুল ফোন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে। মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের ঢোকার ব্যাপারে যেন কোনো নিষেধাজ্ঞা না থাকে, এটাই নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশের জার্সিতে দূরে থাক, সাকিব ২০২৫ ও ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনোটিতেই খেলতে পারেননি। মাশরাফি সর্বশেষ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিব-মাশরাফি দেড় বছর ধরে খেলতে পারছেন না ঘরোয়া ক্রিকেটে।