ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ১২:৫০ পূর্বাহ্ন

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী পুতুল

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 10:30 pm

নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। গতকাল মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। স্বাধীনতার পর এই আসনে তিনিই প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর নাটোর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি।

তার বাবা প্রয়াত ফজলুর রহমান পটল ছিলেন নাটোর-১ আসনের চারবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। বাবার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হওয়া ফারজানা শারমিন পুতুল নির্বাচনে বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই রাজনৈতিক যাত্রা শুরু করেন।

এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের নিয়ে অংশ নেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন-এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত।’