ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ৫:২৭ পূর্বাহ্ন

দেশ ও রাজশাহীর সার্বিক উন্নয়নে সহায়তা চাইলেন ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

এ মহেন্দ্রক্ষণে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণপূর্বক রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের আশা-আকাক্সক্ষার প্রতীক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিজানুর রহমান মিনু এমপি রাজশাহীবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে উল্লেখ করেন, এই অর্জন রাজশাহীসহ দেশবাসীর দোয়া, ভালোবাসা ও অবিচল সমর্থনেরই প্রতিফলন। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কেউ যেন কোনো প্রকার বিজয় মিছিল, রং খেলা, উৎসব, আতশবাজি করা বা অনুরূপ উদযাপনে অংশগ্রহণ না করেন।

দলীয় নির্দেশনা অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তা বিরোধী চক্রান্তের অংশ হিসেবে গণ্য হবে বলে তিনি সতর্ক করেন। দেশ ও রাজশাহীর সার্বিক উন্নয়নের লক্ষে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন মিজানুর রহমান মিনু এমপি।