ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত

  • আপডেট: Sunday, February 15, 2026 - 12:42 am

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা। জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি ও দুটি আসনে জামায়াত জয় পেয়েছে।

ফলাফল ঘোষণার পর কোনো আসনেই অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। বিজয়ী ও পরাজিত প্রার্থী একে অপরের সাথে সাক্ষাত করে রাজশাহীর উন্নয়নে একসাথে কাজ করার কথা বলেন।

গতকাল শনিবার রাজশাহী মহানগর জামায়াতের নেতারা সদর আসনে নির্বাচিত এমপি মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। রাজশাহীর উন্নয়নে তারা একসাথে কাজ করার কথা বলেন। শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, মহানগর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে রাজশাহী-৩ আসনে নির্বাচনি উত্তাপ কাটিয়ে বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীই গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

গতকাল শনিবার হড়গ্রাম ইউনিয়নের আদাড়িয়া পাড়ায় অধ্যাপক আজাদের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা শেষে এমন সৌজন্যমূলক আচরণ রাজশাহী-৩ আসনে রাজনৈতিক সম্প্রীতির নতুন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় জনগণের প্রত্যাশা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে এ আসনে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এসময় জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে ছিলাম। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তিনি জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। তাই রাজশাহী-৩ আসনের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।”

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন,“নির্বাচন গণতন্ত্রের উৎসব। মতপার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য এক, জনগণের কল্যাণ। রাজশাহী-৩ আসনের উন্নয়নে সকলের মতামত ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

এছাড়া রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। নির্বাচনের পরদিন গতকাল সকাল থেকে তাঁর বাসভবনে চলছে আনন্দ উৎসব। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ছাড়াও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে মিষ্টি মুখ করান। এই দৃশ্য সবার নজর কেড়েছে।

এই বিষয়টিকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। আবু সাইদ চাঁদ বলেন, আমি চাই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে চারঘাট-বাঘাকে ইতিহাসের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে।