ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

উত্তরা প্রতিদিনের প্রতিষ্ঠাতা সম্পাদক বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 15, 2026 - 11:07 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মহানগরীর দড়িখরবোনায় পত্রিকাটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিমের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও মরহুমের সহধর্মিণী মৌসুমী মাহমুদ এবং উত্তরা প্রতিদিনের বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল।

এছাড়া, এক সময়ের সহকর্মী হিসেবে মরহুম আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলুকে স্মরণ করে বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাশিদুল হক রুশো, উত্তরা প্রতিদিনের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ও কম্পিউটার ইনচার্জ শরিফুল ইসলাম শিমুল।

স্মরণসভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলু ছিলেন সৎ, সাহসী ও আদর্শনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর হাতে গড়ে ওঠা বহু সাংবাদিক আজ রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে এবং প্রবাসে সুনামের সঙ্গে কাজ করছেন।

তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং নবীন সাংবাদিকদের জন্য ছিলেন অনুপ্রেরণার উৎস। মরহুম বাবলুসহ সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন দৈনিক উত্তরা প্রতিদিনের সাহিত্য সম্পাদক আতাউল গনি মো. রমজান আলী।

উল্লেখ্য, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল-মাহমুদ বাবলু ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিক ও বাংলাদেশ বেতারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি রাজশাহীর সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।