ঢাকা | ফেব্রুয়ারী ১৪, ২০২৬ - ১:৪৪ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএনপি-জামায়াত ছাড়া সব প্রার্থীরই জামানত বাতিল

  • আপডেট: Friday, February 13, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৩২ জন প্রার্থীর মধ্যে ২০ জনই তাদের নির্বাচনি জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড় দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কোনো দলের বা স্বতন্ত্র প্রার্থীরা জামানত রক্ষার ন্যূনতম ভোট পেতে সক্ষম হননি। গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে ওই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট পেতে হয়। রাজশাহীর ৬টি আসনে এই কোটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন অধিকাংশ প্রার্থী।

রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় জেলার মোট ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী-১ আসনে প্রদত্ত ৩ লাখ ৫১ হাজার ৮৪৪ ভোটের মধ্যে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৪৩ হাজার ৯৮১ ভোট। এতে ব্যর্থ হয়েছেন গণ অধিকার পরিষদের মির মো. শাহজাহান (৪০৭ ভোট), আমার বাংলাদেশ পার্টির আব্দুর রহমান (১১০০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ (৬৬৩ ভোট)।

রাজশাহী-২ আসনে মোট ২ লাখ ৩৫ হাজার ৯১৬ ভোটের বিপরীতে ২৯ হাজার ৪৯০ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান (৭৮৬ ভোট), নাগরিক ঐক্যের সামছুল আলম (৫৫২ ভোট), বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম (৩৮৭ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ (৮০১ ভোট)। রাজশাহী-৩ আসনে জামানত রক্ষায় ৪০ হাজার ৯২৬ ভোটের প্রয়োজন হলেও ব্যর্থ হয়েছেন আম জনতার দলের সাইদ পরভেজ, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান, জাতীয় পার্টির আফজাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হাবীবা বেগম।

এছাড়া রাজশাহী-৪ আসনে প্রদত্ত ২ লাখ ৩১ হাজার ১৯০ ভোটের বিপরীতে ২৮ হাজার ৮৯৯ ভোট পাননি ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম খান (৬৭০ ভোট) ও জাতীয় পার্টির ফজলুল হক (১৭৫৯ ভোট)। রাজশাহী-৫ আসনে সবচেয়ে বেশি ৫ জন প্রার্থী এখানে জামানত হারিয়েছেন। তারা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা, ইসলামী আন্দোলনের রুহুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক, রায়হান কাউসার ও রেজাউল করিম।

রাজশাহী-৬ আসনে ৩১ হাজার ৬৬৩ ভোটের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ (১৬২৮ ভোট) এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন (২৯৩০ ভোট)। এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, কোনো প্রার্থীকে তার আসনের প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এতে রাজশাহীর ৬টি আসনের মোট ২০ জন প্রার্থীর জমানাত বাতিল হয়েছে।