ঢাকা | ফেব্রুয়ারী ১৪, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগের ৭ জেলায় সংসদ সদস্য নির্বাচিত হলেন যারা

  • আপডেট: Friday, February 13, 2026 - 10:32 pm

সোনালী ডেস্ক: রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ২৮টিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। বাকী ১১টিতে জয়লাভ করেছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। রাজশাহী  জেলা ব্যতিত বিভাগের ৭ জেলায় বিজয়ী প্রার্থীদের তথ্য নীচে দেয়া হল।

পাবনার ৫টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত দুইজন এবং জামায়াতে ইসলামীর মনোনীত তিনজন বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নাজিবুর রহমান মোমেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থী আলী আজগার, পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল, পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে জামায়াত জয়লাভ করেছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।‎ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী কেরামত আলী বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী মুঃ মিজানুর রহমান এবং  চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

‎বগুড়ার সাতটি আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করেছেন। রাতে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এসব ফলাফল ঘোষণা করেন। বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন, বগুড়া-৫ আসনে গোলাম মো. সিরাজ, বগুড়া-৬ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া- ৭ আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিলটন বসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নাটোরের চারটি আসনে বিএনপির প্রার্থী নিরঙ্কুশ বিজয় হয়েছে। রাত একটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল বিজয়ী হয়েছেন। নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হয়েছেন।

নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের ফলাফলে ৫টিতে বিএনপি ও একটিতে জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। ভোট গণনা শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বেসরকারি ফলাফলে নওগাঁ- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামূল হক, নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে বিএনপি মনোনীত ডাক্তার ইকরামূল বারি টিপু, নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী  জাহিদুল হক ধলু ও নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো: রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের ৫টিতে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। অপর একটি জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী। গণনার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত আইনুল হক, সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত এম এ মুহিত ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়।

সিরাজগঞ্জ-৪ আসনে বিজয়ী হন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা রফিকুল ইসলাম খান। জয়পুরহাটের ২টি আসনের মধ্যে ১টিতে বিএনপি ও একটিতে জামায়াত প্রার্থী জয়লাভ করেছে। জয়পুরহাট-১ আসনে জামায়াত প্রার্থী ফজলুর রহমান এবং জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারি জয়লাভ করেছেন।

সোনালী/জগদীশ রবিদাস