ঢাকা | ফেব্রুয়ারী ১৪, ২০২৬ - ৩:৪৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে ভোট কম পাওয়া নিয়ে ২টি বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

  • আপডেট: Friday, February 13, 2026 - 10:14 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোট পরবর্তী ফলাফলের সময় কেন্দ্রে ভোট কম পাওয়াকে কেন্দ্র করে অবিশ্বাস থেকে হামলা ও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এসময় ২ দফায় ২টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভোটের দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও গতকাল শুক্রবার সকালে ২ দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ অধ্যাষিত দুলর্ভপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় ও পিয়ালীমারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বরাবরই দ্বিগুণের বেশি ভোট পায় বিএনপি। সদ্য শেষ হওয়া নির্বাচনে জগন্নাথপুর কেন্দ্রে বিএনপি ১৪’শ ও জামায়াত ১ হাজার ভোট পাওয়ায় ক্ষুব্ধ হয় বিএনপি নেতাকর্মীরা। উৎফুল্ল হয়ে জামায়াতের পক্ষে উল্লাস করে জামায়াত সমর্থকরা।

গত বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর জামায়াত সমর্থিতদের উদ্দেশে ইট পাটকেল ছোড়া হয়। জামায়াতের দাবি- বিএনপি নেতাকর্মীদের কাজ। বেধে যায় সংঘর্ষ। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শুক্রবার সকালে বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুলের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আবারো প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় উভয় পক্ষের ৩-৪ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে সাদিকুল ইসলাম ও তার ছেলে ইউসুফ আলি এবং মেয়ে আদরীর নাম জানা গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী জানান, তিনি ১৯৭৮ সাল থেকে বিএনপি’র রাজনীতি করার পরও তার বাড়িতে বিএনপি’র লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে যা লজ্জাজনক ও মেনে নেয়ার নয়। অন্যরাও এ ঘটনার জন্য বিএনপি’র একটি অংশকে দায়ী করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, জগন্নাথপুর ও পিয়ালীমারী কেন্দ্রে কম ভোটের ব্যবধানে বিএনপি বিজয়ী হওয়ায় বাবর আলীর পরিবারকে দায়ী করে হামলা চালায় বিএনপি সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে আছে। পরিস্থিতি সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে।