রাজশাহী ছয়টি আসন: ভোট বেশি পড়েছে সকালের দিকেই
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
তবে ভোটের দিন সকাল থেকে সারাদিনই এখানকার বিভিন্ন আসনে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বেশকিছু কেন্দ্রের বাইরে উত্তেজনা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়েছে।
রাজশাহীর ৬টি আসনের সবখানেই সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ছিল। সকাল সাড়ে ৭টার আগেই বেশিরভাগ কেন্দ্রে ভোটাররা হাজির হন। অনেক কেন্দ্রের সামনে তৈরি হয় লম্বা লাইন। তবে দুপুরের দিকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কমে যায়।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভোটাররা সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে কেন্দ্রগুলোতে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ে প্রায় ১৫-২০ শতাংশ। দুপুর ১২টার দিকে এই হার বেড়ে দাঁড়ায় ৩০ থেকে ৩৫ শতাংশ।
দুপুর দেড়টার দিকে এই হার বেড়ে হয় ৬০ থেকে ৬৫ শতাংশ। দুপুরে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কমে যায়। তবে বিকেলে উপস্থিতি আবার বাড়ে। রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, রাজশাহীতে শেষ পর্যন্ত ৭০ দশমিক ৩৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।










