ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ৩:২০ পূর্বাহ্ন

তানোর ও বাগমারায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

  • আপডেট: Thursday, February 12, 2026 - 12:03 am

তানোর ও বাগমারা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য রাজশাহী-৪ (বাগমারা) আসনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনেও ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাগমারা প্রতিনিধি জানান, এ আসনের মোট ১২২ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে সকল ভোট কেন্দ্রকে একযোগে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্সসহ সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ১২২ টি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ১২২ জন প্রিজাইডিং, ৭০৩ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৪০৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬০ হাজার ৭২০ জন ও মহিলা এক লাখ ৫৯ হাজার ১৮৫ জন। এছাড়া এ উপজেলায় মোট ৪ জন হিজরা ভোটারও রয়েছেন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২২ টি। এই আসনে এবার মোট ৪ জন প্রার্থীর নাম শোনা গেলেও মাঠে রয়েছেন দুইজন প্রার্থী।

তারা হলেন- বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, এই আসনে ভোট গ্রহণের জন্য এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। কেউ সহিংসতা ও নাশকতা ঘটানোর চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে।

তানোর প্রতিনিধি জানান, তানোরে প্রস্তুত ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। দুপুরের পর উপজেলার ৬১ টি কেন্দ্রেই নির্বাচনি সরঞ্জামসহ কর্মকর্তারা কেন্দ্রে পৌছার পর সাজসাজ দৃশ্য দেখে গেছে মনে দৃশ্য দেখে এলাকার ভোটারদের মধ্যে স্বস্তি ফেরার পাশাপাশি উৎসবের আমেজ লক্ষ করা গেছে। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে ছিল এক ধরনের ব্যস্ততা ও উৎসব মুখর পরিবেশ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স,ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প,ফলাফল শিটসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী। সকাল থেকেই প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পুলিশ সদস্যদের সঙ্গে আনসার ও ভিডিপি সদস্যরাও নিজ নিজ কেন্দ্রে পৌছেন। নির্বাচনি সামগ্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাঈমা খান জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।