ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ৩:৪০ পূর্বাহ্ন

বাগমারা ও লালপুরে ছাত্রদলের পাঁচ নেতা বহিষ্কার

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 12:04 am

বাগমারা ও লালপুর প্রতিনিধি: বাগমারায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মুস্তাফিজুর রহমান (মিলন)। তিনি ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে, নাটোরের লালপুরে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাগমারা প্রতিনিধি জানান, বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে জামায়াতের প্রার্থীর নির্বাচনি জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’ এর তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়। এ বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, অন্য কেউ তার ফেসবুক আইডির নাম ব্যবহার করে ওই পোস্টটি দিয়েছে। তার সাংগঠনিক নাম মিলন পারভেজ।

লালপুর প্রতিনিধি জানান, নাটোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জুর রহমান রয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাকিব হাসানকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।