ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

পুঠিয়ায় ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ, ব্যবস্থা নিতে ইউএনওকে চিঠি

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 11:00 pm

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ এনে গতকাল বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগকারী আলাউদ্দিন মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক৷

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাধারণ ভোটার এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে রাস্তাঘাটে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে কার্যক্রম চালাচ্ছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, “এ ধরনের কর্মকাণ্ড একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা সৃষ্টি করবে এবং সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি করবে।” এ অবস্থায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, “লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।”

তবে এ অভিযোগের বিষয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।