ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ৩:২৬ পূর্বাহ্ন

পুঠিয়া ও পাবনায় পৃথক দুর্ঘটনা: প্রাণ গেল ৬ জনের, আহত ৪০

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 12:20 am

স্টাফ রিপোর্টার: পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। অন্যদিকে, রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, গতকাল মঙ্গলবার সকালে শাহজাদপুর ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল।

পথিমধ্যে সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিনজন।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে কামাল হোসেন (৪২), পাবনা পৌর সদরের শিবরামপুর মহল্লার চমন মোল্লার ছেলে মেহেদি হাসান জিহাদ (২৮), আটঘরিয়ার উপজেলার নরজান গ্রামের খোরশেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬) ও পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মাজন আলীর ছেলে আলেফ উদ্দিন (৩৫)। নিহতদের মধ্যে কামাল হোসেন শাহজাদপুর ট্রাভেলসের চালক ও জিহাদ মাছরাঙা এক্সপ্রেসের হেলপার ছিলেন। বাকি দু’জন মাছরাঙার এক্সপ্রেসের যাত্রী ছিলেন।

পুঠিয়া প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে পুঠিয়া নিমতলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাইম (২০) ও হালিম (২৫)। তারা দুজনই রাজশাহী মহানগরের পূর্ব হড়গ্রাম শেখ পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত নাইম মিলনের ছেলে ও হালিম মিনারুলের ছেলে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুঠিয়া দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে তাহেরপুরগামী একটি মুরগিবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

ওসি আরও নলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।