ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ৪:৩৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 11:13 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আলহাজ্ব মোস্তাকিমসহ কয়েকজন জামায়াত কর্মীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও জামায়াতের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব আতিকুল ইসলাম জুয়েল জানান, রাতে জামায়াতকর্মী আলহাজ্ব মোস্তাকিমসহ তার কয়েকজন সহযোগী নিয়ে দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন।

এ সময় ভোটার সাবানের বাড়িতে টাকা দিয়ে ভোট কিনতে গেলে স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে মোস্তাকিম ও তার সহযোগী মনিরুলকে আটক করলেও টাকার ব্যাগ নিয়ে সটকে পড়েন অন্য সহযোগিরা।

এদিকে ভিডিওতে দেখা যায়, মোস্তাকিম ও তার সহযোগী মনিরুলের সাথে স্থানীয় জনতার মধ্যে বাগবিতণ্ডা হয়। একই সঙ্গে ধস্তাধস্তির ঘটনা দেখা যায়।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ধরনের ঘটনা পরবর্তীতে আর ঘটনাবে বলে আশ্বস্ত করলে স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। এদিকে আলহাজ্ব মোস্তাকিমের সাথে যোগাযোগ করা হলে তার মন্তব্য মেলেনি।

যদিও শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম জানান, কর্মীদের ভোট কেনার প্রশ্নই উঠে না। তাদের চা খাওয়ার টাকাও দিতে পারিনা। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, ভোট কেনার ঘটনায় লিখিত বা মৌখিক কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।