ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ৫:৫৫ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 12:49 am

স্টাফ রিপোর্টার: শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। রাজশাহীর ৬টি আসনের পাশাপাশি এর আশপাশের বিভিন্ন আসনে বিরাজ করছে উৎসবের আমেজ। দলীয় থেকে স্বতন্ত্র প্রার্থী সবাই নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজেদের প্রতি সমর্থন আনতে ভোটারদের দিয়েছেন প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি। পাশাপাশি যোগ দিয়েছেন জনসভা ও সভা-সমাবেশে।

রাজশাহী-১ ‎: তানোর উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন। তিনি দেশের উন্নয়নে ভোটারদের কাছে হ্যাঁ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোট বার অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান। তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় জনসভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎

রাজশাহী-৩ : গতকাল সোমবার বিকেলে নওহাটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি জনসভা করেন এই আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, জামায়াতের এমপি প্রার্থী দীর্ঘ ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার মেয়াদের সময়ের মধ্যে সরকারিভাবে কোটি কোটি টাকা তিনি অনুদান পেয়েছেন। এই টাকা দিয়ে তিনি হড়গ্রাম ইউনিয়নের কোন উন্নয়ন করেননি। অত্র ইউনিয়নে গেলে এর প্রমাণ সবাই দেখতে পাবেন বলে উল্লেখ করেন তিনি। জামায়াত শুধু মুখে বুলি ছড়াচ্ছে। আরো অনেককে ভয়-ভীতি দেখাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের তেমন কোন সমর্থন বা ভোটার নেই।

রাজশাহী-৪ : গতকাল সোমবার বিকেলে ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনি শেষ জনসভায় বিএনপির এমপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, অবহেলিত এই বাগমারার সমস্ত রাস্তা-ঘাট, শিক্ষা ও কৃষির উন্নয়ন করে এই উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলায় রূপান্তর করা হবে। জনসভায় আরও বক্তব্য দেন- রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের সঞ্চালনায় জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

রাজশাহী-৬ : বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ চারঘাট পৌর এলাকায় সকাল থেকে শুরু করে দিনব্যাপী গণসংযোগ প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। গতকাল সোমবার সকালে আবু সাঈদ চাঁদ চারঘাট বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট আহবান করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুটসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এর সমর্থনে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে “দাঁড়িপাল্লা” হাতে নিয়ে উপজেলা পল্লীবিদ্যুৎ মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে উপজেলা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট বাজারের চৌ-রাস্তায় এসে শেষ হয়। এসময় গণমিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, আমরা যদি নির্বাচিত হয়, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াতে ইসলামী।

চাঁপাইনবাবগঞ্জ-২: এই আসনে জামায়াতের প্রার্থী ডক্টর মিজানুর রহমানের নির্বাচনি জনসভা রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহহিয়া খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবুবকর প্রমুখ।

নওগাঁ-১ : এই আসনের বিএনপি’র প্রার্থী মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার দিনভর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় গংসংযোগ করেছেন। এদিন বিকালে তিনি রসুলপুর ইউনিয়নের গাংগোর বাজার, চৌরাপাড়া, দামপুরা ও মুন্দিখৈর এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন ধরনের উন্নয়নের আশ্বাস দেন।

নওগাঁ-৬ : প্রচারণার শেষ সময়ে গতকাল সোমবার বিকেলে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর নের্তৃত্বে¡ এক বিশাল নির্বাচনি শো-ডাউন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় রাণীনগর বিএনপির মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় বিএনপি মোড়ে এসে উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাস রেজু।

এদিকে, একই আসনে প্রচারণার শেষ সময়ে গতকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী খবিরুল ইসলামের এক বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় রাণীনগর রেলগেট থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন চৌ-রাস্তা মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আনজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য খবিরুল ইসলাম।

নাটোর-১ : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, আমরা অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের বিরুদ্ধে নির্বাচন করছি। তারা ক্ষমতায় গেলে মানুষের ঘরবাড়ি দখল করবে, মিথ্যা মামলায় জেল খাটাবে এটাই তাদের ইতিহাস। ৪৩ বছরের রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত লালপুর-বাগাতিপাড়ার মানুষের কল্যাণে ব্যয় করেছি। এখানেই আমার জন্ম, এখানেই আমার মৃত্যু হবে। গতকাল সোমবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।