ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৫:০১ পূর্বাহ্ন

সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতের দাবি উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:32 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন নির্বাচনে তাদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’-এর আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও উচ্চ আদালতের আইনজীবি প্রভাত টুডু বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য, ভয়ভীতি ও নানা ধরনের সহিংসতার শিকার হয়ে আসছে। বিশেষ করে নির্বাচনের সময় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে ভোটকেন্দ্রে যেতে বাধা, হুমকি কিংবা ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতার অভিযোগ উঠে। এসব পরিস্থিতি গণতন্ত্র ও সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগেরর নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাই রাষ্ট্রের দায়িত্ব হলো নির্বাচনকালীন সময়ে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা।

সংবাদ সম্মেলন থেকে ক৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনের আগে ও নির্বাচনী সময়ে আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, সহিংসতা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সংবেদনশীল ভূমিকা নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আদিবাসীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পরিবেশ তৈরি করা।

বক্তারা বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং গণমাধ্যমের মাধ্যমে তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সভপাতি হিংগু মুরমু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি কর্ণেলিউস মুরমু, তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং গণমাধ্যমের মাধ্যমে তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।