ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আ’লীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট: Sunday, February 8, 2026 - 9:38 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দল পরিবর্তন শুরু হয়েছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন প্রায় প্রায় অর্ধশত নেতাকর্মী। গত শনিবার রাতে আটঘরিয়া বাজারে ধানগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

নতুন যোগদানকারীদের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হক। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যুক্ত হচ্ছে। নবাগত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ হয়ে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদল রায়গঞ্জের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং আসন্ন নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।