ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৪:৫৯ পূর্বাহ্ন

সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ, মেয়েসহ আহত ৪

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:28 am

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও চারজন আহত হয়েছেন। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দেওভোগ গৌরবান্দা কবরস্থান এলাকায় আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, জালাল উদ্দীন ও তার স্ত্রী চিকিৎসার উদ্দেশ্যে অটোরিকশাযোগে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ইটবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

দুর্ঘটনায় আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- ভ্যানচালক মগরফ হোসেন, নিহত জালাল উদ্দীনের মেয়ে ফরিদা খাতুন, মেহের আলীর মেয়ে মনোয়ারা খাতুন এবং ধলজান গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ। রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।