রাজশাহীতে ব্যস্ত প্রার্থীরা, জমে উঠেছে প্রচারণা
স্টাফ রিপোর্টার: আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী এবং এর আশপাশের বিভিন্ন সংসদীয় আসনে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। গতকাল শনিবার দিনভর নিজ নিজ আসনের ভোটারদের কাছে ছুটেছেন প্রার্থীরা। কথা শুনেছেন ভোটারদের কথা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
রাজশাহী-১: রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক ৩টি স্থানে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে শুরু করে দুপুরে পর্যন্ত পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অব. শরীফ উদ্দীন। গতকাল শনিবার পাঁচন্দর (ইউপির) কচুয়া, ইলামদহি ও কোয়েল স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন ইউপি বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান। ইউপি যুবদলের আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির নির্বাচনি কমিটির সদস্য ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন প্রমুখ।
রাজশাহী-৩: এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন গতকাল শনিবার সকাল থেকে পবা-মোহনপুরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে পবা-মোহনপুরবাসীর সঙ্গে রয়েছেন। এই এলাকার জনগণের চাহিদা, সমস্যা এবং করণীয় কি সে বিষয়ে তিনি অবগত। এজন্য নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কার্যক্রম হাতে নেবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। তিনি বলেন, গণসংযোগকালে তিনি প্রত্যেকটি উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ে যান। এ সময় তিনি প্রতিটি রাস্তা ভাঙা এবং চলাচলের অযোগ্য দেখেন। জনগণের দুর্ভোগ কমাতে নির্বাচনের ছয় মাসের মধ্যে তিনি রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু করবেন বলে উল্লেখ করেন। সেই সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশ তথা এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, একই আসনে দাড়িপাল্লার প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনী গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের হাত ধরে। তরুণদের নেতৃত্বেই জুলাই অভ্যুত্থান হয়েছে। তাই শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দেশ গড়ার দক্ষ কারিগরে পরিণত করা হবে।’ গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় পবা উপজেলার হরিপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, ‘বেকার ভাতা দিয়ে নয়-মর্যাদা ও যোগ্যতার সঙ্গে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তরুণদের শক্তিকে কাজে লাগিয়েই স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। এই লক্ষ্য অর্জনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।’

রাজশাহী-৪
এই আসনে বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বলেছেন, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে জনগণের স্বাস্থ্য সেবা ও নাগরিক সেবা নিশ্চিত করার হবে। এ জন্য প্রয়োজনে বাগমারায় আরও একটি উপজেলা প্রতিষ্ঠা করা হবে। কারণ ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সমন্বয়ে বৃহত্তর আয়তনের এই উপজেলার জনগণকে স্বাস্থ্য সেবা ও নাগরিক সেবা পেতে অনেক হয়রানী হতে হয়। গতকাল শনিবার বিকেলে বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত রাজশাহী-৪ (বাগমারা) আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নঈম সামশুর রহমান মিন্টু, প্রয়াত সাবেক মন্ত্রী সরদার আমজাদ পুত্র সরদার সানিয়াত হোসেন শুভ, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, শুভডাঙ্গা ইউপির চেয়ারম্যান প্রভাষক মোশারফ হোসেন প্রমুখ।
রাজশাহী-৬
এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, ‘এবারের নির্বাচনে একটা সুযোগ আসছে। গত ৫৪ বছরে অত্যাচার, দখলবাজ, লুটতরাজ, চরিত্রহীন কাজ, বাজে সংস্কৃতি এবং বাজে রাজনীতি ছিল, সেটার কবর রচনা করে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব, ইনশাআল্লাহ। ৫৪ বছরে যে দুর্নীতি ছিল, সেটা থাকবে না। দুর্নীতির বিরুদ্ধেই আমাদের জিহাদ। গতকাল শনিবার বাঘা পৌরসভার এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঘা পৌর সভা জামায়াতের আমির আধ্যাপক সাবদার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাজ উদ্দীনের সঞ্চালনায় বিকাল ৫টায় বাঘা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চক-আমোদপুর গ্রামে পথ সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবক বাঘা উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের বাঘা উপজেলা সাবেক আমির মাওলানা জিন্নাত আলী।
এদিকে, পথে প্রান্তর ছাড়িয়ে মাঠ-ঘাটেও ছুটছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ছাড়াও সাধারন ভোটারদের কাছ থেকে শুনছেন অভাব-অভিযোগের কথা। দিচ্ছেন প্রতিশ্রুতিও। গতকাল শনিবার চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন বিএনপির প্রার্থী চাঁদ। আবু সাইদ চাঁদ প্রতিদিন চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক চালাচ্ছেন প্রচারণা। উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারন মানুষের আস্থার প্রতীক হিসেবে ইতিমধ্যে শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন বলে দাবি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। আগামী ১২ ফেব্রুয়ারী বিপুল ভোটের ব্যবধানে চাঁদকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ-২
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড: মু. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় নাচোল বাজার হাটচাতাল প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ড: মু. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি, সহ-সেক্রেটারী ও জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ।
এদিকে, একই আসনে ধানের শীষের প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চারটায় রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আশাদুল্লাহ আহমদ, বিএনপি নেতা এফ বিসিসি আই এর সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।
নাটোর-১
ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা ও নেতাকর্মীসহ নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাড. তাইফুল ইসলাম টিপু। গতকাল শনিবার দুপুর আড়াইটায় লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ধানের শীষের নেতাকর্মীরা বিভিন্নভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, সাধারণ ভোটার ও তার কর্মীদের হুমকি দিয়ে আসছেন।
পাবনা-৫
পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে ওভার ব্রীজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন চমক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন পাবনা-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। গতকাল শনিবার দুপুরে পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী অফিসে এই ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। এসময় জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইশতেহারে পাবনা-৫ (সদর) আসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। যোগাযোগ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য,কৃষি চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নসহ ৭৬টি পরিকল্পনা তুলে ধরা হয়।











