ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

  • আপডেট: Sunday, February 8, 2026 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টিসহ এর আশপাশের বিভিন্ন আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে। এসব আসনে দিনভর চলছে নির্বাচনি প্রচার-প্রচারণা। দেয়া হচ্ছে উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি। নির্বাচনি পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচার-প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনে থাকলেও ভোটের মাঠে তাদের উপস্থিতি কম। ফলে এসব আসনে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা রয়েছে।

রাজশাহী-১:

রাজশাহী-১ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। গতকাল রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শরীফ উদ্দীন বলেন, ধানের শীষে ভোট দেয়া মানে শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করা নয়; বরং মরহুম ব্যারিস্টার আমিনুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ত্যাগকে সম্মান জানানো। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও এ সংগ্রাম অব্যাহত থাকবে।

এদিকে, তানোর সদরে জামায়াতের আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে ডাকবাংলো থেকে শুরু করে গোল্লা পাড়া বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে দেশে কোন দুর্নীতি হবে না। ন্যায় বিচার ও এদেশের মানুষের উন্নয়ন তার দল কাজ কাজ করবে।

অন্যদিকে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান। আসনে নির্বাচনি মাঠে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঈগল প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রাম ও জনবহুল এলাকায় তার প্রচারণা আরও গতিশীল হচ্ছে। প্রতিদিনই লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এবি পার্টির রাজনৈতিক দর্শন ও নির্বাচনি অঙ্গীকার তুলে ধরছেন।

রাজশাহী-৩:

এই আসনে দাঁড়িপাল্লার প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনি গণমিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল রোববার বিকেলে নওহাটা বাজারে আয়োজিত নির্বাচনি গণমিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই নির্বাচনি গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি নওহাটা বাজারের পবা থানার মোড় থেকে শুরু হয়ে নওহাটা কলেজ মোড়, বিমানবন্দর, বায়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এদিকে, এই আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন গতকাল রোববার বিকেলে মোহনপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন। তিনি বলেন, একটি দল এখনো নির্বাচন বানচাল  করতে মরিয়া হয়ে আছে। সেইসাথে জোরপূর্বক ও ভোটিং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এই দেশ বিরোধী দলকে লাল কার্ড দেখানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ১২ তারিখ ভোট কেন্দ্র পাহারা দেয়ার অনুরোধ করেন তিনি। সেই সাথে ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন মিলন। এদিকে দুপুরের পর থেকে  মোহনপুর উপজেলা সদর মিছিলের নগরীতে পরিণত হয়। অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত  নেতাকর্মী এবং সাধারণ জনগণ মিছিল নিয়ে মোহনপুর  উচ্চ বিদ্যালয় মাঠে আসেন। অত্র মাঠ যেন জনস্রোতে পরিণত হয়। এসময় তারা চিৎকার করে ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ হন। সেই সাথে যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র তারা সমূলেও উৎপাটন করবেন বলেও প্রতিশ্রুতি দেন। নিমিষেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

রাজশাহী-৪:

গতকাল রোববার বিকেলে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত রাজশাহী-৪ (বাগমারা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বলেন, বিগত দিনে এই অসনে বিভিন্ন দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু বাগমারার উন্নয়নে তারা কোন কাজ করেননি। এ কারণে আজও বাগমারা অবহেলতি রয়েছে। আর অবহেলিত এই বাগমারার সমস্ত রাস্তা-ঘাট, শিক্ষা ও কৃষির উন্নয়ন করে এই উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলায় রূপান্তর করা হবে।  জনসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক। বাগমারা উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় অন্যান্য নেতারা বক্তব্য দেন।

রাজশাহী-৬:

এই আসনে ১১ দলীয় নির্বাচনি সমর্থিত প্রার্থী নাজমুল হকের সমর্থনে বাঘায় গণমিছিল গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলা ও পৌরসভার আয়োজনে ১১ দলীয় নির্বাচনি জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের দাঁড়িপাল্লার পক্ষে একটি বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় বাঘার ঐতিহাসিক তেতুলতলা থেকে মিচিরটি শুরু হয়ে বাঘা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জামায়াতের বাঘা উপজেলার আমির আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় নির্বাচনি সমর্থিত প্রার্থী নাজমুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা জেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌরসভা আমির অধ্যাপক সাবদার হোসেন প্রমুখ।

নওগাঁ-১:

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নওগাঁর পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সাগর আলী। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-২:

গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম বিশাল জনসভা করেছেন। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন, যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ্ আহমেদ, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেন্টু, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও আলহাজ্ব বাবর আলী বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।