ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ

  • আপডেট: Sunday, February 8, 2026 - 10:34 pm

সোনালী ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনি প্রচারণার মধ্যেই বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ সংঘর্ষের ঘটনার জেরে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের গাড়ি অবরুদ্ধ করে রেখেছেন জামায়াত কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে দাঁড়িপাল্লা প্রতীকের ক্যাম্পিংয়ের জন্য বাউফলের বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে যান একদল কর্মী-সমর্থক। সেখানে তাদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে উভয়পক্ষের কয়েকজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সংঘর্ষের ঘটনার জেরে বিকাল ৪টার দিকে বাউফল থানার সামনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারকে বহনকারী গাড়ি জামায়াত সমর্থকরা অবরুদ্ধ করে রাখে। ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। পরে জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, চন্দ্রদ্বীপে ধানের শীষ সমর্থকদের ওপর জামায়াতের হামলা পরিকল্পিত ও সংগঠিত। এ সহিংসতায় প্রচারণা একেবারেই অচল হয়ে পড়ে এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে বিস্তারিত জানাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ আহমেদ জানান, চন্দ্রদ্বীপে সংঘর্ষের খবর পেয়েছি। প্রাথমিকভাবে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর বাউফল উপজেলা ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন ভোটকেন্দ্র এলাকায় বিএনপি–জামায়াতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনি প্রচারণার পরিবেশ আজ প্রায় অচল, এবং সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা ভোটের মাঠকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।