ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৪:৩৯ পূর্বাহ্ন

পাবনায় জামায়াতের প্রচারনায় বাঁধা ও মারধরের অভিযোগ আহত ৫

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:21 am

পাবনা প্রতিনিধি: পাবনা-২ সংসদীয় আসনের পাবনার সুজানগরে মহিলা কর্মীসহ জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় বাঁধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন নারীকর্মীসহ ৫ জন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা। আহতরা হলেন- সুজানগর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, জামায়াতের মহিলা কর্মী মার্জিয়া খাতুন, ফিরোজা বেগম।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালাতে যান। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মী প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। মহিলা কর্মীদের মারধর করলে পাশে থাকা পুরুষ কর্মীরা এগিয়ে যান। এসময় তাদেরকেও এলোপাথাড়ি মারধর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হোন। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও পৌর এলাকার চর সুজানগর পৌর এলাকায় এবং আহমদপুরের সৈয়দপুরে জামায়াতের কর্মীদের বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। এদিকে এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা।

এ বিষয়ে পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান জানান, গতকাল শনিবার সুজানগরে একাধীক অপ্রিদিকর ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ইতোমধ্যেই স্বপ্রণোদিত ভাবেই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা-২ আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, জামায়াতের প্রচারনায় বাঁধা দেয়া হয়েছে বলে শুনেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) কে বলেছি যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে।