ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ২:০৭ পূর্বাহ্ন

জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তান গেলেন বুলবুল

  • আপডেট: Sunday, February 8, 2026 - 10:37 pm

সোনালী ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর শুরু হলেও বিতর্ক থেকেই যাচ্ছে। নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ার কারণে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে ছাটাই করে দেওয়া, একই ইস্যুতে বাংলাদেশ দলকে সমর্থন করে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। এই দুই ইস্যুতে টালমাতাল আইসিসি।

এই সমস্যার সমাধানে বিশ্বকাপ চলাকালীন সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সভায় অংশ নিতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজ দিনের শেষ ভাগে অনুষ্ঠিত হবে আইসিসির জরুরি সভা। সভাটি ভার্চুয়ালি হবে। সেখানে বুলবুলের সঙ্গে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও। থাকবেন অন্যান্য বোর্ড সদস্যরা।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে আইসিসিকে পড়তে হবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা। এই একটি খেলা থেকে যা আয় আসে, তা অন্য কোনো ম্যাচ থেকে আসে না। পুরো বিশ্বকাপের মোট আয়ের প্রায় ৩৬ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আসার কথা।

পাক-ভারত বিরোধের প্রভাব পুরো ক্রিকেট অর্থনীতিতে পড়তে পারে। আইসিসির ৩ বিলিয়ন ডলারের ভারতীয় সম্প্রচার চুক্তির বড় অংশ নির্ভর করে বৈশ্বিক আসরে প্রতিবছর ভারত-পাকিস্তান ম্যাচের ওপর। প্রতিটি ম্যাচের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি ডলার। ম্যাচ বাতিল হলে চুক্তি লঙ্ঘনের দায়ে আইসিসিকে অর্থ ফেরত দিতে হতে পারে।