ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৩:৩৩ পূর্বাহ্ন

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৬

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:14 am

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের চারজন সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর অন্তত ১২ জন কর্মী-সমর্থক রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় একটি নির্বাচনী মিছিল বের করেন। মিছিলটি বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ক্যাম্পের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে গালাগালি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এতে কচুয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে ১৪ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। আহতদের চিকিৎসার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর মিছিল চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরে সংঘর্ষ বাধে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।