ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ২:০২ পূর্বাহ্ন

রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো: মিনু

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-০২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, অতীতে আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, এখনও আছি এবং আগামী দিনেও থাকবো। রাজশাহীর মানুষের স্বার্থের সঙ্গে কখনো আপস করিনি, করবোও না।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের বেলদারপাড়া মোড়ে ধানের শীষ প্রতীক্ষের পক্ষে গণসংযোগ, প্রচার-প্রচারণা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, রাজনীতি মানেই জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে মাঠে থাকা। রাজশাহী একটি সম্ভাবনাময় নগরী হলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে অনেক নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলোতে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। আল্লাহ আমাকে সুযোগ দিলে নগরবাসীর সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা, বেহাল সড়ক, ড্রেন পরিষ্কারের অভাব, মাদক সমস্যা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং তরুণদের কর্মসংস্থানের সঙ্কটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। মিনু মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং সমস্যাগুলো নোট করেন।

এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনাদের প্রতিটি সমস্যাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এগুলো শুধু শোনা নয়, বাস্তব সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। গণসংযোগ ও মতবিনিময় শেষে স্থানীয় বাসিন্দারা মিজানুর রহমান মিনুর উদ্যোগকে সাধুবাদ জানান।

গণসংযোগকালে মিনু ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ নারী এ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ছোট শিশুরাও মিনুর পক্ষে স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পারা-মহল্লা।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, সহসভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল আবেদিন ও সাধারণ সম্পাদক খাইরুল কবির লাল্টুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে বিকেলে নগরীর ১৮ নং আসাম কলোনি বউ বাজার থেকে মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় তিনি ওয়ার্ডে বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের কাছে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। জনগণ মিনুকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রচার-প্রচারণায় কেন্দ্রীয় ও মহানগর, থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ২৪ নম্বর ওয়ার্ড মহিলাদল আয়োজিত উঠান বৈঠকে ধানের প্রতীকে ভোট চেয়েছেন রাজশাহী সদর ২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর সহধর্মিণী সালমা শাহাদাত। তিনি ওই ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে রাজশাহীর উন্নয়নে মিনুকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানিয়েছেন। এসময় তার সাথে রাজশাহী মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।