ঢাকা | মার্চ ২, ২০২৬ - ৮:৩৮ অপরাহ্ন

বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • আপডেট: Sunday, February 8, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ১টি ওয়ান শ্যুটারগান, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার  হয়েছে।

বাগমারা প্রতিনিধি জানান, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি। উদ্ধারকৃত আলামতগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, ধারণা করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা অথবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গোমস্তাপুরে ১টি ওয়ান শ্যুটারগান, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার  হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত শনিবার রাত ১০টার দিকে রহনপুর থেকে আড্ডাগামী সড়ক পাশের আমগাছের মধ্যের একটি ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা পরিত্যক্ত অবস্থায় ওই সব অস্ত্র জব্দ করা হয়। এতে আরো জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা ওই সব অস্ত্র ওই স্থানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।