ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ১০:৩৯ অপরাহ্ন

নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

  • আপডেট: Sunday, February 8, 2026 - 2:05 am

নওগাঁ প্রতিনিধি: কাঁচা খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁয় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত ওই নারীর বাড়ির সঠিক তথ্য জানা যায়নি।

গতকাল শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যু।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত রোগী ৪০ থেকে ৫০ বছর বয়সি এক নারী। ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। ২৭ জানুয়ারি অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে এবং ওই দিনই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়।

পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, আজকে আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের লিখিতভাবে এখনো বিষয়টি জানানো হয়নি। লিখিতভাবে জানানোর পরই ওই রোগীর বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানাতে পারব। তবে তিনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন।